সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৩ ১৭:০৭

সকালে কেন্দ্রে-কেন্দ্রে যাবে ব্যালট পেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে সোমবার এ সিদ্ধান্ত জানা গেছে।

পরিপত্রে বলা হয়, নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার প্রেরণ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে ও জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এতে আরও বলা হয়, এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় হতে বিভাগ/আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিভাগ/আঞ্চলিক পর্যায় হতে জেলা সভায় এবং জেলা পর্যায় হতে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তবে পরিপত্রে বলা হয়, পার্বত্য, হাওর, বাওর, চর বা দ্বীপাঞ্চল বা দুর্গম অঞ্চলের ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের প্রস্তাব অনুযায়ী রিটার্নিং অফিসার পুলিশের সঙ্গে পরামর্শ করে ব্যালট পৌঁছানোর ব্যবস্থা করবেন।

বাকি জায়গায় সব রিটার্নিং কর্মকর্তাকে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত