নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৩ ০২:১৩

সিলেট বিভাগে স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের শীর্ষে ‘ঈগল’ প্রতীক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিভাগের ১৯টি আসনে মোট ১১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে রয়েছেন ৩ জন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রতীকও।

বিভাগের ১৭ স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ঈগল প্রতীক। ৮ জন প্রার্থী বেছে নিয়েছেন প্রতীকটি। এছাড়া ট্রাক প্রতীক নিয়েছেন ৫ জন স্বতন্ত্র প্রার্থী, কাঁচি ও কেটলি প্রতীক নিয়েছেন দুইজন করে প্রার্থী।

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের ৩৩ প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন স্বতন্ত্র প্রার্থী। তন্মধ্যে সবচেয়ে বেশি ২ জন প্রার্থী রয়েছেন সিলেট-৫ আসনে। সিলেট ৩ ও সিলেট-৬ আসনে রয়েছেন ১ জন করে স্বতন্ত্র প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সিলেট-৩ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক প্রতীক।

সিলেট-৫ আসনের দুজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী পেয়েছেন কেটলি প্রতীক। আর অপর স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির পেয়েছেন ট্রাক প্রতীক।

সিলেট-৬ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।

হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে ৪ জন স্বতন্ত্র ছাড়া বাকি সকলেই দলীয় প্রার্থী।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে রয়েছেন দুইজন স্বতন্ত্র প্রার্থী। তন্মধ্যে সাবেক এমপি কেয়া চৌধুরী ঈগল, এবং গাজী মোহাম্মদ শাহেদ ট্রাক প্রতীক পেয়েছেন।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান ঈগল প্রতীক পেয়েছেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পেয়েছেন ঈগল প্রতীক।

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে ৬ জন ছাড়া বাকি সকলেই দলীয় প্রার্থী।

সুনামগঞ্জ-১ ( তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কেটলি প্রতীক, এবং জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ পেয়েছেন ঈগল প্রতীক।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ ড. জয়া সেন গুপ্তা পেয়েছেন কাঁচি প্রতীক এবং সাবেক সচিব মো. মিজানুর রহমান ঈগল প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত মো. এনামুল কবির ইমন পেয়েছেন ঈগল প্রতীক।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগের শামিম আহমদ চৌধুরী ঈগল প্রতীক পেয়েছেন।

মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। তন্মধ্যে কেবল ৩ জন ছাড়া বাকি সকলেই দলীয় প্রার্থী।

মৌলভীবাজার-১ আসনে মোট প্রার্থী ৪ জন। তন্মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম পেয়েছেন ট্রাক প্রতীক।

মৌলভীবাজার-২ আসনে মোট প্রার্থী ৮ জন। কুলাউড়া উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান এ. কে. এম সফি আহমদ সলমান পেয়েছেন ট্রাক ট্রাক। এই আসনের অপর স্বতন্ত্রী প্রার্থী মো. আব্দুল মতিনের প্রতীক কাঁচি।

সোমবার প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ৭ জানুয়ারি ব্যালট পেপারে হবে ভোটগ্রহণ।

আপনার মন্তব্য

আলোচিত