বড়লেখা প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৩ ১৫:১০

৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ভোট হবে: সোয়েব আহমদ

আগামী ৭ জানুয়ারি মৌলভীবাজার-১ আসনে উৎসবমুখবর পরিবেশে ভোট হবে। ভোট কেন্দ্রে জনগণের উপস্থিতিতে এই ভোট ঐতিহাসিক হবে বলে মন্তব্য করেছেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা ছাত্রলীগ ও সহযোগী ইউনিট আয়োজিত বিশেষ বর্ধিত কর্মী সভায় সোয়েব আহমদ এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

সোয়েব আহমদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ভোটের দিন ৫০০ ছাত্রলীগ কর্মীর প্রত্যেক ছাত্রলীগ কর্মী যদি ৫০ জন করে ভোটার কেন্দ্রে নিয়ে যান তাহলে ছাত্রলীগ ২৫ হাজার ভোটার উপস্থিত করতে পারবে। যুবলীগ ২৫ হাজার ভোটার উপস্থিত করলে আমরা আওয়ামী লীগ আরও ১ লাখ ভোটার উপস্থিত করতে পারব। তাহলে এই বিজয় হবে ঐতিহাসিক।

‘‘বিজয় আমাদের অবশ্যম্ভাবী। জননেত্রী শেখহাসিনা আবারও পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবেন। শাহাব উদ্দিন সাহেব আবারও মন্ত্রী হবেন। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুর্বল। কিন্তু এটা আমরা চিন্তা করছি না। ঐতিহাসিক বিজয়ের জন্য আমাদের প্রার্থীসহ আমরা সকলেই পরিশ্রম করে যাচ্ছি।’’

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে সোয়েব আহমদ বলেন, ‘‘ছাত্রলীগ ভোটারদের কাছে যাবে। সরকারের উন্নয়ন তুলে ধরবে। মানুষ কোনোনা-কোনোভাবে এই সরকারের সুফল ভোগ করেছে। এটা তাদের জানাতে হবে। বিনীতভাবে ভোটে আসার আহ্বান করতে হবে।

‘‘৭ জানুয়ারি একটা ভোট উৎসব, বিপ্লবের ভোট অইত। আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই বড়লেখা-জুড়ীর মানুষ শাহাব উদ্দিন সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার জন্য ঐক্যবদ্ধ।’’

সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন।

সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ। 

 

আপনার মন্তব্য

আলোচিত