রাবি প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৭ ১৬:০২

রাবিতে কৃষি প্রকল্প শ্রমিকদের কর্মবিরতি

মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কৃষি প্রকল্পের কর্মরত শ্রমিকেরা।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে কাজ বন্ধ রেখে কৃষি প্রকল্পের ১ নম্বর গুদামের সামনে অবস্থান নেন তারা।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে কৃষি প্রকল্প কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দেখা করেন। এ সময় শ্রমিকরা ১৮ তারিখের মধ্যে মজুরি বৃদ্ধির সময়সীমা বেঁধে দেন এবং কাজ না করে বাড়ি ফিরে যান।

কয়েকজন শ্রমিক জানান, বিশ্ববিদ্যালয়ে ৮ ঘণ্টা কাজের জন্য মজুরি নির্ধারণ করা আছে ৪৫০ টাকা। সেখানে আমরা ১৬ ঘণ্টা কাজ করেও ২৩০ টাকা মজুরি পাচ্ছি। শ্রমিকদের এ ১৬ ঘণ্টার প্রথম ৮ ঘণ্টার জন্য জন প্রতি ১৬০ টাকা ধার্য করা আছে। বাড়তি ৮ ঘণ্টা কাজের জন্য তারা পায় ৭০ টাকা। কিন্তু অন্য বিভাগের শ্রমিকেরা মাত্র ৮ ঘণ্টা কাজ করেন সেখানে পাচ্ছেন ৪৫০ টাকা।

শ্রমিকরা দাবি করে বলেন, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে একজন শ্রমিকের পক্ষে এই স্বল্প টাকায় দৈনন্দিন জীবন পরিচালনা করা খুবই কষ্টকর।

শ্রমিকদের অভিযোগ, কৃষি প্রকল্প কর্মকর্তার কাছে বেতন বৃদ্ধির দাবিতে দরখাস্ত দিলেও তারা কোন ধরনের পদক্ষেপ নেননি । এছাড়া কৃষি প্রকল্পের সভাপতির সঙ্গে বেতন বৃদ্ধির দাবিতে দেখা করতে চাইলেও তারা দেখা করেননি।

জানতে চাইলে কৃষি প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. এমরান আলী বলেন, সকালে ঘটনা শোনার পর শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদেরকে কাজে ফিরতে বলেছি। কিন্তু তারা ১৮ তারিখ পর্যন্ত আমাদেরকে সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে মজুরি বৃদ্ধি না করলে তারা কাজে ফিরবে না বলে জানিয়েছে।

এ সময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্যের সঙ্গে কথা বলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত