সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জুন, ২০১৬ ২৩:৫৮

খাবার না খেয়েই বেঁচে আছেন ৭৬ বছর!

কতো বিচিত্র ঘটনাই তো ঘটে পৃথিবীতে। এ রকমই এক ঘটনার বড় উদাহরণ হচ্ছেন ভারতের গুজরাট রাজ্যের 'মাতাজি'।

তাঁর প্রকৃত নাম প্রহ্লাদ ভাইজানি। দেবী আম্বার শিষ্য এই সাধু ৭৬ বছর ধরে বেঁচে রয়েছেন কিছু না খেয়ে। গল্প মনে হলেও এটাই সত্যি। বহুবার নানারকম পরীক্ষা খুব ভালোভাবে উতরে গিয়েছেন এই ‘মাতাজি’ তথা সাধু প্রহ্লাদ ভাইজানি।

১৯২৯ সালের ৭ আগস্ট রাজস্থানে জন্মেছিলেন। মাত্র ৭ বছর বয়সেই হিন্দু ধর্মের তিন দেবীর আজ্ঞা অনুসারে তিনি আধ্যাত্মিক শক্তি অর্জনে সাধনায় লিপ্ত হন। তার কথায়, ‘জঙ্গলের মাঝ দিয়ে আমাকে একশ থেকে দুইশ কিলোমিটার রাস্তা হাঁটতে হয়েছে। আমি কখনোই ঘামি না এবং কোনো ক্ষুধা ও ঘুম বোধ করি না। টানা ৩ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত আমি ধ্যান করতে পারি।’

এখন ৮৭ বছর বয়সেও দিব্যি রয়েছেন এই সাধু। শরীরে নেই কোনও রোগ।

সাধু প্রহ্লাদের রহস্য উদঘাটনের জন্য তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে নিয়ে যায় ৩০ জনের একটি দল। ১৫ দিন ধরে টানা চব্বিশ ঘণ্টা ক্যামেরার নিচে রাখা হয়েছিল তাকে। সেই একই অবস্থায় বিজ্ঞানীদের নাকের ডগায় একে একে ১৫ দিন কেটে গেল, কিন্তু কোনো খাবার গ্রহণ করলেন না তিনি। এমনকি তিনি প্রস্রাব বা পায়খানাও করেননি একবারের জন্যও! দেবী আম্বার আশীর্বাদ মাথার ওপর থাকার কারণেই এই অসাধ্য সাধন করতে তিনি সক্ষম হয়েছেন বলে দাবি করেন সাধু প্রহ্লাদ ভাইজানি।

আপনার মন্তব্য

আলোচিত