১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:০২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মোটরসাইকেলটির মালিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।
হান্নানকে থানায় হস্তান্তর করা হলেও এখনো মোটরসাইকেল উদ্ধার হয়নি।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র্যাব-২ আবদুল হান্নানকে আটক করে। পরে তারা তাকে তাদের কাছে হস্তান্তর করে।
এর আগে পুলিশ জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানা গেছে।
আপনার মন্তব্য