সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৭ ১১:২৪

বিচারপতি অপসারণে সংশোধনী: আপিল শুনানিতে দুই মাস সময় পেলো রাষ্ট্রপক্ষ

সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে দুই মাস সময় দিয়েছেন উচ্চ আদালত।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এ আপলি শুনানির জন্য আগামী ৮ মে সময় নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এছাড়াও এ মামলায় আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও এমআই ফারুকী উপস্থিত ছিলেন।

এদিকে ড. কামাল হোসেন তার লিখিত মতামত আদালতে দাখিল করেছেন। বাকি অ্যামিকাস কিউরিদেরকেও (আদালতের বন্ধু বা আইনি সহায়তাকারী) দ্রুত লিখিত মতামত জমা দেওয়ার জন্য আদালত অনুরোধ জানিয়েছেন।

পরে ড. কামল হোসেন বলেন, রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাস সময় দিয়েছেন আদালত। আমি এরইমধ্যে আমার লিখিত বক্তব্য দিয়েছি।

তিন বছর আগে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ‌্যমে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়।

এরপর সুপ্রিম কোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ গত ৫ মে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ করে রায় দেয়।

রায়ে বলা হয়, “সংসদের মাধ্যমে বিচারকগণের অপসারণ প্রক্রিয়া ইতিহাসের একটি দুর্ঘটনা।”

ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৫ জানুয়ারি বিষয়টি প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের বেঞ্চ ওঠে। আদালত সেদিন জানায়, ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল বিভাগের ‘ফুলবেঞ্চে’ শুনানি হবে।

সে অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উঠলে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত তা মঞ্জুর করে ৭ মার্চ শুনানির দিন রাখে।

সেদিন আদেশে বলা হয়, রিটকারী ও রাষ্ট্রপক্ষকে তাদের বক্তব‌্য মৌখিকভাবে উপস্থাপনের জন‌্য এক ঘণ্টা করে সময় দেওয়া হবে। পাশাপাশি তাদের লিখিতভাবে যুক্তি উপস্থাপন করতে হবে। কিন্তু মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি আবারও পিছিয়ে গেল।

আপনার মন্তব্য

আলোচিত