সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০১৭ ১২:২৯

ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যায় সাবেক স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১৬ মার্চ সকাল পৌনে ৯টার দিকে কলাবাগানের সেন্ট্রাল রোডে ওয়েস্টয়েন্ড স্ট্রিটের ১৩/এ বাড়ির প্রবেশ পথের সামনে যমুনা ব্যাংকের কার্ড ডিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ আরিফুন্নেছাকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান রবিন। এরপর থেকে রবিন টাঙ্গাইলে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।  

সাবেক স্বামীর বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করে আসছিলেন আরিফা। তার সঙ্গে ফখরুল ইসলাম রবিনের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। আরিফার পরিবার ফখরুলের বিরুদ্ধে মাস ছয়েক আগে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। জামালপুরের মেয়ে আরিফা ইডেন কলেজে পড়ার সময় একই এলাকার বাসিন্দা ফখরুল ইসলামকে বিয়ে করেন।

আপনার মন্তব্য

আলোচিত