সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬ ১০:৫১

পুলিশের সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালক ফাহিম ও মামুনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার ভোরে রাজধানীর পৃথক দুটি এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করা হয়েছে। অন্যদিকে ফাহিম ও মামুনকে রাকিন সিটি থেকে আটক করা হয়।

শফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এদিকে দুর্নীতির তদন্তের মধ্যে গত মাসে মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে মোট ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা জমা রয়েছে।

অবরুদ্ধ করা অন্য দুই ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা। তাদের নামেও ব্যাংক হিসাব রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত