সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৭ ১২:৫২

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় ট্রাকের সাথে ভটভটির সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, জয়রামপুর বটতলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ওই ভটভটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আটজন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর চারজন মারা গেছেন। হতাহত হওয়া ব্যক্তিরা ভটভটির আরোহী ছিলেন।

হতাহতদের বেশিরভাগই শ্রমজীবী মানুষ, তারা দামুড়হুদা এলাকার বাসিন্দা। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মন্তব্য

আলোচিত