২৬ মার্চ, ২০১৭ ২১:২০
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে বড় কোনো জঙ্গি নেতা থাকতে পারে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সসে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর তাঁর এ ধারণার কথা জানান।
এদিকে সন্ধ্যায় প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আতিয়া মহলে’ চালানো অপারেশন টোয়াইলাইট কাল নাগাদ শেষ হতে পারে।
আতিয়া মহলের কাছে সড়কে দুটি বোমা বিস্ফোরণের ব্যাপারে আসাদুজ্জামান খান বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ওই বিস্ফোরণের ঘটনা কোন হামলা ছিল না।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে যখন শিববাড়ির ওই সন্দেহভাজন জঙ্গি আস্তানাটি নিরাপত্তা বাহিনী ঘেরাও করে ফেলে, তখনই বোধহয় কোন একসময় এখানে আশেপাশে তারা বোমাটি রেখে গিয়েছিল বা আগেই রেখে গিয়েছিল।
"পুলিশরা যখন দেখেছে, তখনই এটা বিস্ফোরিত হয়েছে, ধাক্কা-ধোক্কা খেয়ে", বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যার ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন।
পুলিশ লাইন্সসে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘এখনো অভিযান চলছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে, বড় কোনো জঙ্গি নেতা থাকতে পারে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সময় বলে এসেছি জঙ্গি নির্মূল হয়নি, তবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিদের যে নির্মূল করে ফেলেছি, উপড়ে ফেলেছি— এ কথা আমরা কোনো দিন বলিনি। আমরা বলেছি, এ ধরনের ষড়যন্ত্রকারীরা শুরু থেকেই ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলে আবার করবে। আমাদের নিরাপত্তা বাহিনী শুরু থেকেই এ ব্যাপারে সচেতন।
দেশে ইসলামিক স্টেটের (আইএস) অস্তিত্ব নেই- আবারো এই দাবি করে মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আইএস যদি কেউ থেকে থাকে, তাহলে আমরা দেখব, আমরা সেই মানুষটিকে শনাক্ত করব। আমাদের সৌভাগ্য হয়নি আজ পর্যন্ত কাউকে আইএস হিসেবে শনাক্ত করার।’
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিলেটের শিববাড়ি পাঠানপাড়ার একটি পাঁচতলা ভবন ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে অভিযান শুরু হয় শনিবার সকাল থেকে। অভিযান এখনো চলছে। এ পর্যন্ত কয়েক দফা বিস্ফোরণে ছয় জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
আপনার মন্তব্য