২৮ মার্চ, ২০১৭ ১৩:৪১
সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা এবং তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা জঙ্গি মুফতি হান্নানসহ দুই জঙ্গির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ-তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, 'মুফতি হান্নানসহ দুই জঙ্গির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। আবেদনগুলো রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।'
এর আগে সোমবার সন্ধ্যায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন সোমবার সন্ধ্যায় হাতে এসেছে। তিনি নিজ হাতে প্রাণভিক্ষার আবেদন লিখেছেন।
মুফতি হান্নানের সঙ্গে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন তার সহযোগী মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল। তিনিও প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
এদিকে সিলেট কারাগারে বন্দি আরেক আসামি দেলোয়ার ওরফে রিপন সোমবার প্রাণভিক্ষার আবেদন করেছেন।
জঙ্গিদের ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে গ্রেনেড হামলায় সাবেক ব্রিটিশ হাইকমিশনার প্রাণে রক্ষা পেলেও পুলিশসহ তিনজন নিহত হন। ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মুফতি হান্নানসহ তার দুই সহযোগী জঙ্গি বিপুল ও দেলোয়ার। একই মামলায় অপর দুই জঙ্গি মহিবুল্লাহ ও আবু জান্দালকে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন। আপিল না করায় তাদের ওই দণ্ডই বহাল রয়েছে।
আপনার মন্তব্য