সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৮ ০০:০৯

সরস্বতীকে নিয়ে ‘কটূক্তি’: সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেবী সরস্বতীকে নিয়ে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রী আনন্দময়ী আশ্রমের যুগ্ম-সম্পাদক এ জিডি করেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিডিতে অভিযোগ করা হয়েছে, সাংবাদিক আনিস আলমগীর ২২ জানুয়ারি ৩টা ৩২মিনিটে সনাতন ধর্মের বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানানো হয়েছে। কিন্তু তিনি ক্ষমা বা ভুল স্বীকার না করে ফেসবুকে সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্ট দেন।

জিডিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য উসকানিমূলক বক্তব্যের বিষয়ে যথাযথ পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

জাফর আলী বিশ্বাস বলেন, ‘আনিস আলমগীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পরে এই বিষয়ে মামলা হবে।’

এদিকে, ফেসবুকে চলমান সমালোচনার মুখে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তার ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়েছেন। ২৩ জানুয়ারি সকাল ৬:০০টায় প্রসঙ্গ সরস্বতী দেবীর অবমাননা শিরোনামের এক স্ট্যাটাসে তিনি লিখেন, যে জিনিস আমি মিন করিনি সেটা বুঝে আপনি আহত হলে একবার কেন ১০০ বার ক্ষমা চাইতে দোষ নেই। সরস্বতী দেবী নিয়ে আমার ফেইসবুক স্ট্যাটাসে আপনাদের যাদের যাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী।

২৬ জানুয়ারি অপর এক স্ট্যাটাসে আনিস আলমগীর লিখেন, এখন আপনাদের দেবীকে নিয়ে বলা আমার শব্দচয়ন আপনাদের পছন্দ হয়নি, আঘাত পেয়েছেন অনেকে। আমি যাকে কমপ্লিমেন্ট ভেবেছি তাকে আপনারা অপমান মনে করেছেন। সেই ভুলবুঝাবুঝির জন্য আমিতো ক্ষমা চেয়েছি। আবারও চাচ্ছি। যা আমি মীন করিনি তার জন্য ১০০ বার চাইতেও সমস্যা নেই। এটা নিয়ে প্লিজ ইস্যু বানানো বন্ধ রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত