২৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:১৮
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সিলেট মহানগর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে নগরীর জিন্দাবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে এসে মিলিত হয়।
সিলেট মহানগর যুবদল নেতা ও সাবেক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা সাহিবুর রহমান সুজানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধ সরকার ক্ষমতার নেশায় উন্মাদের মতো আচরণ শুরু করেছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দিশেহারা হয়ে তারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশিবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। বিরোধী দলের নেতা কর্মীদের উপর মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার অপচেষ্টা কখনোই সফল হবে না।
অবিলম্বে জননেতা খন্দকার মুক্তাদির সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে কারাগারে আটক সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য