সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৯ ১৯:৪৮

এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার রেজিস্ট্রেশন ৭ এপ্রিল

মিডিয়াতে শিশু-কিশোরদের অংশগ্রহণ বৃদ্ধিকল্পে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় ‘এক মিনিট জুনিয়র ভিডিও’ নির্মাণ কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মশালায় শিশু-কিশোরদের হাতে কলমে ভিডিও/চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার ১২ থেকে ২০ বছর বয়সী ২০জন শিশু-কিশোর এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী রোববার (৭ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন পূর্বক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ১কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। বাছাই পরীক্ষার ফলাফল ৮ এপ্রিল সকাল ১১টায় একাডেমির নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।  

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ২০জন শিশু-কিশোরকে নিয়ে আগামী ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৪ দিনব্যাপী প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর তত্ত্বাবধানে ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ করা হবে এবং সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রত্যেককে ১টি করে সনদপত্র প্রদান করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত