সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ১৭:১৮

দল নাই কাপালী-জুবায়েরদের, অখ্যাত পাকিস্তানিরাও পেয়েছে দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কোনো দল পাননি জাতীয় দলের ক্রিকেটার জুবায়ের হোসেন লিখন সহ অলক কাপালী, রাজিন সালেহ, তুষার ইমরান, সোহরাওয়ার্দী শুভরা!

জুবায়ের, অলক কাপালীরা দল না পেলেও দল পেয়েছেন শাহজিব হাসান, ইমা ওয়াসিমের মত অখ্যাত পাকিস্তানিরা।

জাতীয় দলের লেগস্পিনার জুবায়েরের কপালটা এমনই এর আগে তিনি ঘরোয়া লীগেও দল পাননি। তবু জাতীয় দলে খেলেছেন এবং খেলছেনও।

এবারের বিপিএলে খেলবেন জাতীয় দলের অন্য সব স্পিনার। কিন্তু লেগ স্পিনার জুবায়েরকে বেছে নেয়নি কোনো দল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘প্লেয়ার্স বাই চয়েস’ পদ্ধতিতে দল গঠন করে বিপিএলের দলগুলো। ছয় দল সব মিলিয়ে ৫৭ জন স্থানীয় খেলোয়াড়কে দলে নেয়।

খেলোয়াড় ডেকে নেওয়ার সময় সীমিত ওভারের বিশেষজ্ঞদের দিকেই মনোযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। তাই পেসার রবিউল ইসলামের মতো ‘টেস্ট বিশেষজ্ঞ’ দল পাননি। এ নিয়ে তিন আসরেই দল পেলেন না তিনি।

টি-টোয়েন্টিতে কার্যকর খেলোয়াড় হলেও এবার দল পাননি কাপালী। বিপিএলের গত দুই আসরে খেলেছিলেন তিনি। এবারও দল পাননি রাজিন সালেহ, তুষার ইমরানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা।

বড় দৈর্ঘ্যের ক্রিকেটার মনে করা হয় দুই মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান ও মার্শাল আইয়ুবকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে ভালো করলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেলেন না তারা।

এছাড়াও অলরাউন্ডার মেহরাব হোসেন জুনিয়র, উইকেটরক্ষক-ব্যাটসম্যান সগির হোসেন, উদ্বোধনী ব্যাটসম্যান নাজিম উদ্দিন, পেসার মোহাম্মদ শরীফ ও বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভরাও কোনো দল পাননি।

আপনার মন্তব্য

আলোচিত