০৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৬
ছবি: সংগৃহীত ।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক বলাই নমসুত্রকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বলাই নমসুত্র ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা সদরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জিতেন্দ্র নমসুত্রের ছেলে।
বড়লেখা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী বলাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাঁর রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে বিজিবির লাতু ক্যাম্পের একটি বিশেষ টহল দল বড়লেখার কুমারশাইল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তাঁরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে কয়েকজন পালিয়ে গেলেও আহত অবস্থায় বলাই নমসুত্রকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটকের পর বলাইয়ের কাছ থেকে একটি পিস্তলসদৃশ এয়ারগান, দুই রাউন্ড সিসার গুলি ও ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৮ আগস্ট বিজিবির লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা বড়লেখা থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি কোনো বক্তব্য দিতে পারছি না।’
আপনার মন্তব্য