সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৫ ২০:৫৪

শ্রীলঙ্কান ক্লাবকে গোলবন্যায় ভাসালো ঢাকা মোহামেডান

আগের ম্যাচে হেরেছিল ঢাকা মোহামেডান। সে ম্যাচের ঝাল বুঝি ঝাড়ল শ্রীলঙ্কান ক্লাব সলিড এফসির ওপর।

শ্রীলঙ্কার সলিড এফসি ক্লাবকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ততা থেকে দুর্দান্তভাবে ফিরে এলো ঢাকা মোহামেডান। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল পায় ঢাকা। ঢাকার ছয়টি গোলই পায় ছয়জন ভিন্ন প্লেয়ার।

ঢাকা মোহামেডান ও সলিড এফসির একপেশে ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাবিব নেওয়াজ জীবন। ম্যাচে একটি গোল পান তিনি।

প্রথমার্ধের শুরুতেই ম্যাচের ১০ তম মিনিটে ঢাকা মোহামেডানের গোল বন্যার উদ্বোধন করেন ফয়সাল মাহমুদ। এরপর ১৮ তম মিনিটে জনি, ২৪ তম মিনিটে অরুপ বৈদ্য এবং ৩২ তম মিনিটে গোল করেন জীবন। পরে প্রথমার্ধের ইনজুরি টাইমে এক গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচের পরের অর্ধে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় সলিড এফসি।

তবে মাঠে ঢাকা মোহামেডানের আধিপত্যে পরিবর্তন আনতে পারেনি শ্রীলঙ্কার ক্লাবটি। উল্টো কামারা ও ৭৫ তম মিনিটে হাবিবুর রহমানের গোলে বিধ্বস্ত হয় সলিড এফসি। আর টুর্নামেন্টে ঢাকা মোহামেডানের প্রথম ম্যাচে ব্যর্থতা কাটিয়ে কঠিন প্রতিশোধের নেশায় বিধ্বস্ত হয় সলিড এফসি।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই আফগান দলের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পায় ঢাকা মোহামেডান। অপরদিকে ঠিক বিপরীত চিত্রটাই লঙ্কান ক্লাবটির জন্য। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানকে হারিয়েছিলো সলিড এফসি।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খেলা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

দিনের অপর ম্যাচে কলকাতা মোহামেডান খেলবে আফগানিস্তানের স্পিন গর বাজান ক্লাবের সঙ্গে। খেলা শুরু হবে রাত সাড়ে ৭টায়। প্রথম ম্যাচে কলকাতা মোহামেডান হেরে যায়। তবে জয়ী হয় বাজান ক্লাব।

আপনার মন্তব্য

আলোচিত