নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৫ ২২:৩৮

বিপিএল: সিলেট দলে নেই সিলেটের কেউ, ক্রীড়া সংগঠকদের দুষলেন ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ৩য় আসর শুরু হচ্ছে ২২ নভেম্বর থেকে। বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে অংশগ্রহণকারী ৬ দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া 'প্লেয়ার বাই চয়েস'।

তবে প্লেয়ার বাই চয়েসে কোনো দলেই ঠাঁই হয়নি অনেক তারকা ক্রিকেটারের। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন ক্রিকেটারদের কেউ কেউ। বিপিএলে সিলেটের প্রতিনিধিত্বকারী সিলেট সুপারস্টারস-এ সুযোগ পাননি সিলেটের কোনো ক্রিকেটাররই। ফলে নামে সিলেট হলে এ টিমে নেই সিলেটের কোনো অংশগ্রহণ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের ক্রিকেটাররা।

সিলেটের ক্রিকেটাররা সুযোগ না পেলে দলের নামের সাথে সিলেট যুক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে ক্রিকেটাররা এ জন্য সিলেট টিমের ফ্রাঞ্চাইজির বদলে ক্রীড়া কর্মকর্তাদেরই দোষারোপ করছেন তারা। ক্রিকেটে সিলেট অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মন্তব্য ক্রিকেটারদের।

জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমস্যা হচ্ছে আমাদের কোনো ব্যাকআপ নেই। তাই সিলেটের প্লেয়াররা সামর্থ থাকা সত্ত্বেও অনেকক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। এরফলে সিলেট পিছিয়ে যাচ্ছে।

তিনি বলেন, টিমের নামের সাথে সিলেট যুক্ত থাকলেও এই টিমের মালিক সিলেটের নয়। ফলে তিনি তার পছন্দমত ক্রিকেটার বাছাই করেছেন। এতে ফ্রাঞ্চাইজির কোনো দোষ নেই। ক্রীড়া সংগঠকরা এ ব্যাপারে আগে উদ্যোগ নিলে ভালো হতো। সিলেটের ক্রিকেটাররা সুযোগ পেতো। এতে তরুণ ক্রিকেটাররা উৎসাহিত হত।

জাতীয় দলের স্পিনার এনামুল হক জুনিয়র সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বলা হয় সিলেট অনেক পয়সাওয়ালা এলাকা। অথচ একটা টিম কেনার মতো লোক সিলেটে নাই। ফলে সিলেট নাম হলেও এই টিম হতো আসলে সিলেটের নয়। তিনি বলেন, সিলেটের ক্রিকেট আসলে অভিভাবহীন হয়ে পড়েছে। তাই প্লেয়াররা ভালো পারফর্ম করেও চান্স পাচ্ছে না।

সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফজলে এলাহি অভি এ ব্যাপারে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর জাতীয় লীগে সিলেটের ইমতিয়াজ হোসেন তান্না পরপর দুটি সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের ২য় স্থানে আছেন তিনি। অলক, রাজিন সালেহ, তাপস, এনামুল অনেক তারকা ক্রিকেটারই সিলেটের রয়েছেন। কিন্তু তাদের কাউকেই সিলেট দলে নেয়া হয়নি।

তিনি বলেন, যদি সিলেটের প্লেয়ারদের নেয়া না হয় তাহলে সিলেটের নাম ব্যবহার কেনো? সিলেটের ক্রিকেটাররা বৈষম্যের শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন অভি।

যে অঞ্চলের নামে টিম সেই অঞ্চলের কিছু প্লেয়ার দলে নেওয়ার জন্য নীতিমালা জারি করতে বিসিবি'র প্রতি আহ্বান জানান অভি।

এদিকে, বৃহস্পতিবার সিলেটের আরেক তারকা ক্রিকেটার অলক কাপালিও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ক্ষুব্দ অলক বলেছিলেন, আমার ব্যাকিং নেই। তাই দল পাই নি।

বৃহস্পতিবার চূড়ান্ত হওয়া সিলেট সুপারস্টারস: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুমিনুল হক সৌরভ, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, জোশয়া কব (ইংল্যান্ড), নাজমুল অপু, জুনায়েদ সিদ্দিকী, সোহেল তানভির (পাকিস্তান), নাজমুল হোসেন মিলন, আবু সায়েম চৌধুরী

বাছাই এর বাইরে থেকে: শহীদ আফ্রিদি, রবি বোপারা, অজন্তা মেন্ডিস

আপনার মন্তব্য

আলোচিত