স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫

সাকিবকে নিয়ে কোচ ফিল সিমন্সকে নানা প্রশ্ন, দিলেন না উত্তর

দলে জায়গা পেলেও রাজনৈতিক কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান। দেশের বাইরে থাকা সাকিব দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা তাকে দেশে না ফেরার পরামর্শের পর ক্যারিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলতে পারছেন না এই বিশ্বসেরা।

সাকিবের দেশে ফিরতে না দেওয়া নিতে সারাদেশে আলোচনা চলছে। সরগরম সোশ্যাল মিডিয়া। মিরপুরে সাকিবের ভক্তরা নানা কর্মসূচি পালন করছেন।

এমন অবস্থায় বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স প্রথমবারের মতো এসেছিলেন সংবাদ সম্মেলনে। এসেই পড়েছেন সাকিব নিয়ে নানা প্রশ্নের মুখে। তবে তিনি এনিয়ে কথা বলেননি।

শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর সিমন্সের কাছে প্রথম প্রশ্ন ছিল, সাকিবের না আসা এবং নতুন কোচ হিসেবে তার পথচলার পাশাপাশি নতুন পরিস্থিতিকে কীভাবে দেখছেন? এর উত্তরে সিমন্স বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য ভালো দিক হচ্ছে আমাদের সামনে একটা টেস্ট ম্যাচ আছে যার প্রস্তুতি নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। যদি আগামী কয়েকটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা ফাইনালের (টেস্ট চ্যাম্পিয়নশিপের) লড়াইয়ে যেতে পারবো।’

তিনি আরও যোগ করেন, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের সোমবারের (প্রথম টেস্ট) জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’

দ্বিতীয় দফায় আরও একবার প্রশ্ন করা হয় সাকিবকে নিয়ে। সেবারও সিমন্স এড়িয়ে যান সাকিব বিষয়। সাকিবের দেশে ফিরতে না পারার ঘটনা জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই ব্যথিত করেছে। এমন অবস্থায় ক্রিকেটারদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে সিমন্স বলেন, ‘এটা একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আমি ছেলেদের নজরেও এটা রাখতে চাই।’

আপনার মন্তব্য

আলোচিত