স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৪ ১১:২৮

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি জিতলেন ব্যালন ডি’অর

গেল কয়েক মাস ধরেই চলছিল জল্পনা। কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অরের খেতাব। বেশিরভাগেরই ধারণা ছিল

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর; এমনই ভাবছিলেন সবাই। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় ভিনিসিয়াস জুনিয়র নয়, মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রদ্রি।

ফুটবল বিশ্বের অন্যতম দামি এই পুরস্কার প্রথমবারের মতো জিতলেন স্প্যানিশ মিডফিল্ডার। জাতীয় দল ও ক্লাবের জার্সিতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিই এই পুরস্কার।

ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। জাতীয় দলের ইউরো জেতায়ও অনবদ্য ভূমিকা রাখেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তার স্বীকৃতি হিসেবে হয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়।

ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম ফুটবলার রদ্রি যিনি কিনা ব্যালন ডি’অর জিতলেন। জিততে গিয়ে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামকে।

লুকা মদ্রিচের পর প্রথম কোনো মিডফিল্ডার জিতলেন ব্যালন ডি’অর। মদ্রিচ জিতেছিলেন ২০১৮ সালে।

বর্তমানে চোটের কারণে মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন না রদ্রি। এসিএল ইনজুরির কারণে তাকে মাঠের বাইরে থাকতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত