২০ জুলাই, ২০২৬ ২০:০৫
ফাইনালে হেরে গেছে, খেলাও মন ভরাতে পারেনি সমর্থকদের- তবু আর্জেন্টিনার এই দলকে নিয়ে গর্বিত তার নিজ দেশের বাসিন্দা।
বিশ্বকাপে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা দলকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইও। ফাইনালের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি। আর্জেন্টিনা সবসময় উঁচুতেই থাকবে।'
এরপর মিলেই জানান, যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনা ফুটবল দল যেদিন দেশে ফিরবে, সেদিন ছুটি ঘোষণা করা হবে। তিনি লেখেন, ‘বিশ্বসেরা উদ্যাপন। আর্জেন্টিনা জাতীয় দলের অর্জনের উদ্যাপন নিয়ে সবার আগ্রহ দেখে আমি জানাচ্ছি যে, খেলোয়াড় এবং কোচিং স্টাফরা উদ্যাপনের জন্য যে দিনটি বেছে নেবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’
অবশ্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, দলের সব খেলোয়াড় একসঙ্গে দেশে ফিরবেন না। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘ফাইনালে হারের পর দলের কিছু খেলোয়াড় তাদের ক্লাবে যোগ দিতে বা ছুটি কাটাতে আমেরিকা থেকেই সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। অন্যদিকে, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত দলের বাকি অংশটি আগামীকাল সন্ধ্যা আনুমানিক ৫টায় আর্জেন্টিনায় পৌঁছাবে।’
এই তথ্যটি জানার পর প্রেসিডেন্ট মিলেই নতুন করে কোনো ঘোষণা দেন কি না, তা এখন দেখার বিষয়।
প্রসঙ্গত, রবিবার রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।
আপনার মন্তব্য