৩০ অক্টোবর, ২০২৬ ০১:২৬
ছবি: সংগৃহীত
উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ ভোটাভুটিতে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর বা ‘বিওএটি’ বা ‘ব্যালন ডি’অর অব অলটাইম’(বোট) এর খেতাব জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতায় মূল লক্ষ্য ছিল ইতিহাসের সেরা একক কোনো মৌসুমের পারফরম্যান্সকে খুঁজে বের করা।
অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি খেলোয়াড়দের ঐতিহাসিক মৌসুমগুলোর মধ্য থেকে সেরাটি বেছে নিতে গত ১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী ভক্তদের জন্য অনলাইন পোল চালু করা হয়েছিল।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ টাকা) ফি দিয়ে ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের খেলোয়াড়কে যত খুশি তত ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ভক্তদের এই বিশ্বব্যাপী ভোটাভুটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০০৮ সালে রোনালদোর প্রথম ব্যালন ডি’অর জয়ী মৌসুমটি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনালদো। ২০০৭–০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে করেছিলেন ৪২ গোল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানিয়েছে, ৪৪৬ পয়েন্ট নিয়ে ভোটে মেসিকে (২৮১) হারিয়েছেন রোনালদো। এই ভোটের লড়াইয়ে একাধিকবার ব্যালন ডি’অরজয়ী মোট ১০ কিংবদন্তিকে রাখা হয়—লিওনেল মেসি (৮বার), ক্রিস্টিয়ানো রোনালদো (৫বার), ইয়োহান ক্রুইফ (৩বার), মিশেল প্লাতিনি (৩বার), মার্কো ফন বাস্তেন (৩বার), রোনালদো নাজারিও (২বার), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (৩বার), কার্ল–হেইঞ্জ রুমেনিগে (৩বার), কেভিন কিগান (২বার) ও আলফ্রেড ডি স্টেফানো (২বার)।
আপনার মন্তব্য