নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৬ ২০:২০

প্রতি লিটারের বোতলে ৭০ মিলিলিটার তেল কম, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সিলেটে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট নগরীর খাদিমনগর এলাকার বিসিক শিল্পনগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে বোতলজাত ভোজ্য তেলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়ার বিষয়টি ধরা পড়ে। প্রতি লিটারের বোতলে প্রায় ৭০ মিলিলিটার এবং ৪০০ মিলিলিটারের বোতলে প্রায় ৩৫ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভোজ্য তেল বোতলজাত করার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

এদিকে, অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ২৫ হাজার বোতল ভোজ্য তেল পুনরায় সঠিক পরিমাণে বোতলজাত করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জনস্বার্থ রক্ষা ও পণ্যের সঠিক পরিমাণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত