স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ ১২:২৭

আরও এক ‘পারফেক্ট হ্যাটট্রিক’, হাজারতম গোলের আরও কাছে রোনালদো

ছবি: সংগৃহীত

সৌদি প্রো-লিগে আবারও গোলের দেখা পেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো। এবার করলেন আরও এক হ্যাটট্রিক। এটা আবার ‘পারফেক্ট হ্যাটট্রিক’। এটা নিয়ে ফুটবলে ৬৭তম হ্যাটট্রিক তার। গোল সংখ্যা গিয়ে পৌঁছেছে ৯৮৫। হাজারতম গোল থেকে আর মাত্র ১৫ গোলের দূরত্বে তিনি।

ফুটবল মাঠে ‘পারফেক্ট হ্যাটট্রিক’ মানে ডান পা, বাঁ পা এবং হেডে গোল। ইতিহাসে সবচেয়ে বেশি ‘পারফেক্ট হ্যাটট্রিক’ রোনালদোরই। প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তৃতীয় গোলটি এসেছে ডান পায়ের টোকায়। সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে!

রোনালদো জালে বল পাঠিয়েছেন পাঁচবার। অফসাইডে বাতিল হয়েছে দুটি গোল।

রোনালদো হ্যাটট্রিক পান স্কোরলাইন ২–২ গোলের সমতায় থাকতে। ৬৬, ৭২ ও ৮২ মিনিটে গোল তিনটি করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক তুলে নেন।

রোনালদোর ম্যাচে জোয়াও ফেলিক্সের অবদানও কম নয়। আল নাসরের চারটি গোলের উৎস পর্তুগিজ এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর মধ্যে রোনালদোকে বানিয়ে দেন দুটি গোল।

লিওনেল মেসিকে ভোটে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জেতার পর এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এভাবে, ‘ফুটবল সমর্থকদের। সবাইকে ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি’অরও আপনাদেরই।’

৪১ বছর বয়সেও কিংবদন্তি ফুরফুরে মেজাজে মাঠে নামলে কী হতে পারে, সেটা তো দেখাই গেল আল নাসরের মাঠ আওয়াল পার্কে। সৌদি ক্লাবটির হয়ে সপ্তম হ্যাটট্রিক পেলেন। সর্বশেষ হ্যাটট্রিক ২০২৪ সালের ৪ মে আল নাসরের হয়েই। অর্থাৎ প্রায় আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। মৌসুমে এ নিয়ে ১২ ম্যাচে ৯ গোল হলো তার। সৌদি লিগে এবারের মৌসুমে ১০ ম্যাচে তার গোল ৮টি।

ক্যারিয়ারে ৬৭ হ্যাটট্রিকের মধ্যে রোনালদো রিয়ালের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক করেন। ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে রোনালদো। ক্যারিয়ারে আর্জেন্টাইনের গোলসংখ্যা ৯৩৬। হ্যাটট্রিক ৬২টি।

‘পারফেক্ট হ্যাটট্রিক’ ক্যারিয়ারে ১১ বার করেছেন রোনালদো। দ্বিতীয় স্থানে রবের্ত লেভানদোভস্কির এটা ৫টা; লিওনেল মেসির ক্যারিয়ারে কোনো ‘পারফেক্ট হ্যাটট্রিক’ নেই।

রোনালদো তার বয়স ত্রিশ পর্যন্ত হ্যাটট্রিক করেছিলেন ৩০টি; ত্রিশ থেকে একচল্লিশ বয়স পর্যন্ত হ্যাটট্রিক করেছেন আরও ৩৭টি।

আপনার মন্তব্য

আলোচিত