সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৫ ০৩:৩৭

ফেভারিট বাংলাদেশের সামনে অনভিজ্ঞ পাকিস্তান!

দীর্ঘ ১৬ বছর! একটু অবাকই হতে হয়! এর মাঝে বাংলাদেশ দল জিতেছে প্রায় সব দলের বিপক্ষে কিন্তু এই এক দল পাকিস্তানের বিপক্ষে জয়টা থেকে গেছে অধরা এক। হয় না, কেন হয় না? কাছাকাছি গিয়েও হয়নি, তবে এবার হবে- এমন আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের।

পাকিস্তানকে এর আগে কতবার বাগে পেয়েও হাতছাড়া হয়েছে। তবে অভীষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য বোধহয় শুভলগ্নটাও প্রয়োজন। বৈশাখ শুরুর আলোয় কি সেই লগ্ন খুঁজে পেয়েছেন মাশরাফিরা? এমন প্রশ্নের উত্তর জানা যাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম ওয়ানডেতে ফেভারিট বাংলাদেশের সামনে অনভিজ্ঞ পাকিস্তান! 

নাকি বিশ্বকাপ-উত্তর আত্মবিশ্বাসের জোরালো আবেদনই শক্তি জোগাচ্ছে তাদের। তা না হলে কীভাবে ম্যাচ শুরুর আগেই বলতে পারেন সাকিব, 'এই সিরিজে আমরাই ফেভারিট'। এবং তা মেনেও নেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস, 'মানছি এই সিরিজে বাংলাদেশই ফেভারিট, আমরা তাতে কিছু মনে করছি না। হয়তো আমাদের দলটি অনভিজ্ঞ হওয়াতেই এমনটি বলছে সবাই।'

দুই দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা বলছে বাংলাদেশ দল তাদের থেকে অনেক এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে আসল শক্তিটা পরিষ্কার হয়ে যাবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের সঙ্গে এক উইকেটে হেরে গিয়ে প্রমাণ করল বাংলাদেশের মুল দল তাদের থেকে এগিয়ে আছে অনেকখানিই।

১৯৯৯ বিশ্বকাপে যে দলটিকে হারিয়েছিল বাংলাদেশ, সেই দলের সদস্য এবার কোচ হয়ে এসেছেন বাংলাদেশে একটি আনকোরা দল নিয়ে।

প্রস্তুতি ম্যাচের জয়ের টাটকা ফর্মুলা নিয়েই বাংলাদেশ দল শুক্রবার দুপুর আড়াইটায় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মোকাবেলা করতে নামছে পাকিস্তানের। বিশ্বকাপ থেকেই যেন নতুন এক দল গড়ে নিয়েছে বাংলাদেশ। তাই আজ মিরপুরে ঘরের ছেলেরাই নিশ্চিত 'ফেভারিট'।

ফেভারিট হওয়ার একটা চাপও তো আছে। দর্শকদের প্রত্যাশার পারদ চড়ে তা বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। ভেন্যুর পাঁচ নম্বর উইকেটটির কালও একদফা ঘাস ছাঁটা হয়েছে। কোচ হাথুরুসিংহের চাওয়াকে মূল্য দিতে স্পিন-সহায়ক ট্র্যাক বানানো হয়েছে।

কারণ বিশ্বকাপের আত্মবিশ্বাস সঙ্গে থাকলেও কন্ডিশন তো বদলে গেছে। অস্ট্রেলিয়ায় তিন পেসার নিয়ে বাজিমাত করেছিলেন হাথুরুসিংহে। তিন নম্বরে সৌম্যকে এনেও দলে ব্যালেন্স এনেছিলেন; কিন্তু মিরপুরে তিন পেসার খেলানোর রীতিই যে নেই। তাছাড়া নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও সাসপেনশনের কারণে আজ খেলতে পারছেন না।

দুই পেসার রুবেল আর আবুল হাসান রাজুকে নিয়েই একাদশ সাজাতে হচ্ছে সাকিবকে। ওপেনিংয়ে তামিমের সঙ্গে থাকছেন নবাগত রনি তালুকদার। তিনেও একরকম নিশ্চিত সৌম্য। শুধু মুমিনুলকে কোথায় নামানো যায় সেই স্পট খুঁজতে হচ্ছে সাকিবকে।

পাকিস্তানকে হারানো প্রস্তুতি ম্যাচের পাঁচ ক্রিকেটার থাকছেন আজকের একাদশে, 'বিশ্বকাপের কম্বিনেশন থেকে অবশ্যই পরিবর্তন আনতে হবে। তবে এটা কিন্তু আমাদের ঘরের মাঠ। আমরা দু'মাস যতই অস্ট্রেলিয়ায় থাকি না কেন, ঘরের মাঠ তো আর অচেনা হয়ে যাবে না।' গতকাল মিরপুরের মিডিয়া রুমে বসে এভাবেই মনের জোরের জায়গাটি পরিষ্কার করেছিলেন সাকিব।

জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে হারানোর এটাই সুবর্ণ সুযোগ, 'দলের প্রত্যেকে এ ম্যাচটির জন্য মুখিয়ে আছি। পাকিস্তানকে আমরা ষোলো বছরে হারাতে পারিনি। পারিনি বলে কখনও যে পারব না, তা তো নয়। আমরা সিরিজ জয়ের জন্যই নামছি। সেখানে প্রথম ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। শুরুতেই যদি আমরা ওদের ধাক্কা দিতে পারি, তাহলে আমাদের লক্ষ্য সফল হবেই।'

২০১১ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। ২০১২ আর ২০১৪ এশিয়া কাপে পাকিস্তানের যে দলটি চোখের জল বের করেছিল মুশফিকদের, সেই দলের অনেকেই নেই এবার। সেবার অভিজ্ঞতার জোরে ম্যাচ বের করে নিয়েছিল পাকিস্তান। এবার তো অভিজ্ঞতায় বাংলাদেশই এগিয়ে।

পাকিস্তানের এই দলের মধ্যে মোহাম্মদ হাফিজ আর সাঈদ আজমলেরই কেবল ১০০-র বেশি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাও আজমল এসেছেন এবার তার বোলিং অ্যাকশন শুধরে। আগের ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে আজমলকে দেখা গেছে অনেকটা মিডিয়াম পেসারের ভূমিকায়।

১৬ বছরের রহস্যঘেরা ব্যর্থতাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বাংলাদেশ নামছে পাকিস্তানের বিপক্ষে। সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা আর হোম এডভান্টেজ সবকিছু মিলিয়ে ফেভারিট বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার এ মিশন কীভাবে এগিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। 

আপনার মন্তব্য

আলোচিত