স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৪২

চার মাস আগে বিশ্বকাপের একাদশ ঘোষণা ব্রাজিলের

ফুটবল বিশ্বকাপের বাকি এখনও চার মাস, দল ঘোষণার বাকি অনেক দিন; কিন্তু এত দীর্ঘ সময় অপেক্ষা করতে রাজি নন তিতে। তাই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের চার মাস আগেই দল ঘোষণা করেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোচ।

বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল দেওয়ার জন্য সময় পাওয়া যাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত, সেখান থেকে ২৩ জনের চূড়ান্ত দল দেওয়ার সময়টা হবে জুনের প্রথম সপ্তাহে কোনো এক দিন। অথচ গত পরশুই রাশিয়ায় যেতে পারেন এমন সম্ভাব্য ১৫ জনের নাম ঘোষণা করে দিয়েছেন তিতে! শুরুর একাদশে কারা থাকবেন, বলে দিয়েছেন সেটিও!

২০১৬ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর একের পর এক জয়ে মোড়ানো সময়টাতে ঘুরিয়ে-ফিরিয়ে চেনা মুখগুলোকেই মাঠে নামিয়েছেন তিতে।

ব্রাজিলের ওয়েবসাইট ইউওএল এস্পোর্তেকে দেওয়া সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী কোচ বলেই দিয়েছেন, ‘যে ১১ জন খেলবে, তারা হলো-অ্যালিসন, মার্সেলো, মিরান্দা, মারকিনিওস, দানিয়েল আলভেজ, পাওলিনহো, রেনাতো অগুস্তো, কাসেমিরো, নেইমার, কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।’

শুরুর একাদশ। বাকি চারজনের নাম? সেগুলোও বলে রেখেছেন ব্রাজিল কোচ-রবার্তো ফিরমিনো, থিয়াগো সিলভা, ফার্নান্দিনহো ও উইলিয়ান।

সুইজারল্যান্ডকে দিয়ে শুরু বিশ্বকাপে ব্রাজিলের পরের দুটি ম্যাচ কোস্টারিকা ও সার্বিয়ার সঙ্গে। তার আগে মার্চে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

আপনার মন্তব্য

আলোচিত