ক্রীড়া প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:২৮

সিলেটে অভিষিক্ত বাংলাদেশ, উচ্ছ্বসিত দর্শক

টানা পরাজয়ের বৃত্তে দল। তবে দর্শকদের আচরণে তার কোনো ছাপ নেই। সন্ধ্যা শুরু হবে খেলা। অথচ দুপুর থেকে নগরীর বেশিরভাগ সড়কেই তীব্র জ্যাম। সকলে ছুটছে স্টেডিয়ামমুখী। বিকেল হওয়ার আগেই ১৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন সিলেট ক্রিকেট স্টেডিয়ামের বেশিরভাগ আসনই পূর্ণ হয়ে যায়। হবেই না বা কেনো সিলেটে তো এই প্রথম খেলছে বাংলাদেশ। রোববার সিলেটে অভিষেক হলো বাংলাদেশের।

সিলেটে বাংলাদেশ দলের প্রথম খেলা উপলক্ষে শুরুতে বিসিবির পক্ষ থেকে ছোট্ট আনুষ্ঠানিকতারও আয়োজন করা হয়। এই ম্যাচের টস করা হয় বিশেষ কয়েনে। যা সংরক্ষিত থাকবে বিসিবি কার্যালয়ে। এছাড়া দুই দলকে স্মারক উপহার তুলে দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল।

‌'অভিষেকে' সূচনাটা শুভ হয় বাংলাদেশের। টস জেতেন মাহমুদউল্লাহ। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশ দলের উপর ছড়ি ঘুরাতে থাকেন দুই লঙ্কান ওপেনার। বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে তারা এগিয়ে নিতে থাকেন রানের চাকা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস গিয়ে থামে ২১০ রানে, উইকেট হারায় তারা ৪টি।

তবে এতে গ্যালারির উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। ঢাক-ঢোল বাজিয়ে, চিৎকার-হল্লা করে, প্ল্যাকার্ড ব্যানার উচিয়ে দর্শকরা উৎসাহ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ দলকে।

খেলা কে জয়ী হবে তা নির্ধারিত হওয়ার এখনো ঢের বাকি, কে হবেন ম্যাচের সেরা খেলায়াড় তাও জানা যাবে পরে। কিন্তু ম্যাচ শুরুর আগেই একটা পুরস্কাষ্কার অন্তত জিতে গেছেন সিলেটের দর্শকরা। সুসময়-দুঃসময়ে- সবসময়ই বাংলাদেশের পাশে আছেন তারা। আগামীতে সিলেটের মাঠে আরও বেশি বাংলাদেশের ম্যাচের দাবি তারা এবার করতেই পারেন।

আপনার মন্তব্য

আলোচিত