১৫ মার্চ, ২০১৮ ২২:২৯
আফগানিস্তানের সামনে পড়লেই কি দিশেহারা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ! ব্যাপারটি ঠিক তেমনই হচ্ছে। প্রস্তুতি ম্যাচের পর সুপার সিক্সের প্রথম খেলাতেই আফগানদের বিপক্ষে হারের লজ্জায় ডুবলো ক্যারিবীয় ক্রিকেট। বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটের দারুণ জয় তুলে নিয়ে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিলো আফগানরা। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার ধুলো জমা স্বপ্নে আবার বাতাস দিলো যুদ্ধবিধ্বস্ত আফগান দলটি।
প্রথমে আফগানদের বিপক্ষে ব্যাট করতে নেমে বড় রান জমা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তরুণ স্পিনার মুজিবুর রহমানের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দলের হয়ে হোপ ৪৩ এবং স্যামুয়েলস ৩৬ রান করেন। আফগানিস্তানের বোলার মুজিবুর ৩৩ রান দিয়ে ৩ উইকেট এবং আরেক স্পিনার মোহাম্মদ নবী ৪৩ রানে নেন ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ১৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানরাও বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছে। দলীয় ৮৩ রানে ৩ উইকেট হারানো আফগানরা শেষ পর্যন্ত রহমত শাহের ৬৮ ও মোহাম্মদ নবীর ৩১ রানে জয়ের কাছে পৌঁছায়। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় পায় আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৭/৮ (গেইল ১, লুইস ২৭, হেটমায়ার ১৫, স্যামুয়েলস ৩৬, হোপ ৪৩, হোল্ডার ২৮, পাওয়েল ৩, ব্র্যাথওয়েট ৪, নার্স ১০*, পল ১৬*; দৌলত ০/৪৪, মুজিব ৩/৩৩, গুলবাদিন ০/১১, নবি ২/৪৩, আশরাফ ১/৩১, রশিদ ১/৩১)।
আফগানিস্তান: ৪৭.৪ ওভারে ১৯৮/৭ (শাহজাদ ৮, জাভেদ ১, রহমত ৬৮, সামিউল্লাহ ২৭, নবি ৩১, নাজিবুল্লাহ ১৯, গুলবাদিন ১০, রশিদ ১৩*, আশরাফ ৭*; হোল্ডার ৩/৩৯, পল ২/২৯, মিলার ১/৪১, ব্র্যাথওয়েট ০/৩৯, নার্স ১/৩৯, পাওয়েল ০/৬)।
ফল: আফগানিস্তান ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুজিব উর রহমান।
আপনার মন্তব্য