ক্রীড়া প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৮ ০৩:০০

ম্যানসিটিকে হারিয়েছে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুই ইংলিশ ক্লাবের লড়াইয়ে জিতেছে লিভারপুল। ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে তারা ৩-০ গোলের ব্যবধানে।

বুধবার রাতে মোহামেদ সালাহর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন। লিভারপুলের আরেক গোলদাতা সাদিও মানে।

শুরুতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানসিটি। কিন্তু খেলার ধারার বিপরীতে দ্বাদশ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে দলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। তার পাস ধরে রবের্তো ফিরমিনোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। বল পেয়ে জালে পাঠান মিশরের এই ফরোয়ার্ড সালাহ।

চলতি আসরে সালাহর এটি সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮তম গোল।

২০তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন।

এরপর ৩১তম মিনিটে সালাহর উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন সাদিও মানে।

আপনার মন্তব্য

আলোচিত