স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৮ ১৮:৫২

ইন্ডিয়ান লিগে ‘গোলমেশিন’ সাবিনা

ইন্ডিয়ান উইমেনস লিগ মাতাচ্ছেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা খাতুন— আবারো জোড়া গোল করেছেন তিনি।

মেঘালয়ের শিলংয়ে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দুই গোলে এবার ইন্দিরা গান্ধী অ্যাকাডেমিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সেথু এফসি। পাঁচ ম্যাচে ছয় গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটিও নিয়েছেন দখলে।

আগের ম্যাচেই ইন্ডিয়া রাশ সকার ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সাবিনা। পরের ম্যাচেই আবারো দুই গোল করেছেন বাংলাদেশি স্ট্রাইকার। সেথু এফসিকে পাঁচ ম্যাচে এনে দিয়েছেন টানা চতুর্থ জয়। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ক্যাপ্টেন ইন্দুমতীর গোলে লিড নেয় তামিলনাড়ুর ক্লাব সেতু এফসি।

তবে বিরতির আগেই ইন্দিরা গান্ধী একাডেমি সমতা আনে প্রদীপার গোলে। বিরতির পর জ্বলে ওঠেন সাবিনা। দারুণ দুটি গোল করে সেথু এফসির জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় গোলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভারতের ফুটবল ফেডারেশনের ওয়েব সাইটেও রয়েছে গোলটির ভিডিও চিত্র। এ নিয়ে টানা চার ম্যাচে গোল করেছেন সাবিনা। এরমধ্যে টানা দুই ম্যাচে জোড়া গোল। মৌসুমে আর একটি ম্যাচ বাকী সাবিনাদের।

১০ এপ্রিল লিগে নিজেদের শেষ ম্যাচে সাবিনার সেথু এফসির প্রতিপক্ষে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন।

এদিকে সাবিনার এমন পারফরম্যান্সে প্রশংসার ঝড় উঠেছে সেথু এফসির ফেসবুক পেজে। দুই ‘জোড়া’ গোলের পর এবার হ্যাটট্রিকও চাইছেন দলটির ভক্ত-সমর্থকরা। যে গতিতে ছুটছেন, তাতে হ্যাটট্রিক পেয়ে যাওয়াও এখন সময়ের ব্যাপার মনে হচ্ছে লাল-সবুজের কন্যার জন্য।

আপনার মন্তব্য

আলোচিত