স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৮ ২৩:৩৬

দিবালার হ্যাটট্রিকে জুভেন্টাসের জয়

সেরি আতে পাওলো দিবালার হ্যাটট্রিকে বেনেভেন্তোর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস।

শনিবার পয়েন্ট টেবিলের তলানির দলটিকে ৪-২ গোলে হারায় তারা। ইতালিয়ান চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেন দগলাস কস্তা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর পাস ধরে ডি-বক্সে ঢুকেই বাঁ-পায়ের শটে দলকে এগিয়ে দেন দিবালা।

ম্যাচের ২৪তম মিনিটে দিয়াবাতের গোলে সমতায় ফেরে বেনেভেন্তো।

বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে দলকে ফের এগিয়ে দেন দিবালা। বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ডি-বক্সে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে গেলে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ফের সমতায় ফেরে বেনেভেন্তো। ইতালিয়ান মিডফিল্ডার নিকোলাস ভায়োলার কর্নারে লাফিয়ে নেওয়া হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মালির ফরোয়ার্ড দিয়াবাত।

৭৪তম মিনিটে আরেকটি পেনাল্টিতে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক পূরণ করেন দিবালা। গনসালো হিগুয়াইন ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস।

চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার এটি ২১তম গোল।

আর ৮২তম মিনিটে হিগুয়াইনের পাস পেয়ে বাঁকানো শটে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কস্তা।

৩১ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা নাপোলি ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

আপনার মন্তব্য

আলোচিত