০৮ এপ্রিল, ২০১৮ ০০:৪৯
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকে নায়ক হওয়ার সুযোগ ছিল মোস্তাফিজুর রহমানের। প্রথম তিন বলে তার ইঙ্গিতও রেখেছিলেন, কিন্তু পরের দুই বলে ছক্কা-চারে শেষ হয়ে গেছে সে আশা; হেরেও গেছে মুম্বাই। রোমাঞ্চকর শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে দারুণ এক জয় এনে দেন কেদার যাদব।
মুম্বাইয়ে আইপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে শনিবার ১ উইকেটে জিতেছে চেন্নাই। ১৬৬ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে পেরিয়ে গেছে ধোনির দল।
জয়ের জন্য মোস্তাফিজের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান। উইকেটে ছিল অতিথিদের শেষ জুটি।
প্রথম তিনটি বল যাদবকে ডট খেলান মোস্তাফিজ। ষষ্ঠ বলে বাঁহাতি পেসারকে ফাইন লেগ দিয়ে উড়ান যাদব। পরের বলে কাভার দিয়ে চার মেরে দলকে এনে দেন দারুণ এক জয়।
এরআগে নিজের প্রথম তিন ওভার খুব ভালো বল করতে পারেননি মোস্তাফিজ। ২৯ রানের খরচায় নেন এক উইকেট। তবে মোস্তাফিজের দল মুম্বাই জয়ের পথেই ছিল। কিন্তু ডোরাইন ব্রাভো একাই দলকে টেনে নিয়ে যান। তিনি ৩০ বলে ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
তবে পরাজয়ের দায় যতটা না মোস্তাফিজের তার চেয়ে বেশি বুমরাহ এবং ম্যাকক্লেনেঘানের। দু’জন ম্যাচের ১৮ এবং ১৯ তম ওভারে খরুচে ওভার করলে শেষ ওভারের জন্য রান থাকে মাত্র ৭। ডেটথ ওভারের বোলার খ্যাত বুমরাহ ১৯ তম ওভারে এসে ২০ রান দিলে চেন্নাইয়ের ম্যাচ জয়ের আর বাকি থাকে না। কারণ এক প্রান্ত থেকে উইকেট পড়ে গেলেও তখনো ব্যাটে ছিলেন কেদার যাদব। তিনি জয় নিয়েই মাঠ ছাড়েন।
এরআগে টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। দলের হয়ে ইশান কিশান এবং সূর্যকুমার সমান ২৯ বল খেলে যথাক্রমে ৪০ ও ৪৩ রান করেন। এছাড়া ক্রুনাল পান্ডে খেলেন ২২ বলে ৪১ রানের এক ঝড়ো ইনিংস।
জবাবে এক উইকেটের জয় পায় চেন্নাই। ধনীর দলের হয়ে একমাত্র ব্রাভো ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ব্রাভোর ৬৮ রানের পাশে ২২ বলে ২৪ রান করে ম্যাচ জেতান যাদব। এছাড়া ১৯ বলে ২২ রানের এক ইনিংস খেলেন রাইডু। মুম্বাইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া ও মারকান্ডে দারুণ বোলিং করেন। দু’জনেই ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ ও ২৪ রান দিয়ে ৩টি করে উইকেট নেন।
আপনার মন্তব্য