০৮ এপ্রিল, ২০১৮ ০১:৩৯
ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির ম্যাচে সিটি জিতলেই শিরোপা ওঠে যেত ঘরে, কিন্তু নগর প্রতিদ্বন্দ্বিকে হারাতে পারল না তারা। ফলে আরও কিছু অপেক্ষা থাকল তাদের শিরোপা জয়ের।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে পেপ গার্দিওলার দলকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।
চলতি মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৮৪। ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের পঞ্চম মিনিটে বাঁ-দিক দিয়ে আক্রমণে ওঠা দাভিদ সিলভার বাড়ানো বল ছয় গজ বক্সে পিছলে পড়ে যাওয়া অ্যাশলে ইয়ংয়ের হাতে লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে সিটি। তবে রেফারির সাড়া মেলেনি। ২২তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার শট রুখে দেন ইউনাইটেড গোলরক্ষক।
এর কিছু পর ছয় মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যানচেস্টার সিটি।
২৫তম মিনিটে লেরয় সানের কর্নারে জোরালো হেডে দলকে এগিয়ে দেন বেলজিয়ামের ডিফেল্ডার ভিনসেন্ট কোম্পানি। আর ৩১তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের পাস ডি-বক্সে পেয়ে শরীরটাকে ঘুরিয়ে দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গিনদোয়ানের আরেকটি প্রচেষ্টা পোস্টে বাধা পেলে বেঁচে যায় ইউনাইটেড। এর খানিক পরেই খেলার ধারার বিপরীতে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে ঘুরে দাঁড়ায় তারা। ৫৩তম মিনিটে ডান দিক থেকে আলেক্সিস সানচেসের বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে সামনে বাড়ান আন্দের এররেরা। আর ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন পগবা।
৫৫তম মিনিটে সানচেসের উঁচু করে বাড়ানো বল ছয়গজী বক্সের বাইরে থেকে হেডে সমতা ফেরান ফরাসি এই মিডফিল্ডার।
আর ৬৯তম মিনিটে চিলির ফরোয়ার্ড সানচেসের পাস ডি-বক্সে পেয়ে জয়সূচক গোলটি করেন ক্রিস স্মলিং।
এই হারের ফলে ইংলিশ ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় ৪৯০ দিন পর ঘরের মাঠে হারের স্বাদ পায় সিটি। এর আগে সবশেষ তারা এখানে হেরেছিল ২০১৬ সালের ৩ ডিসেম্বর; চেলসির কাছে ৩-১ গোলে।
চলতি মৌসুমে এই প্রথম টানা দুই ম্যাচ হারল ম্যানচেস্টার সিটি। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের মাঠে ৩-০ গোলে পেপ গার্দিওলার শিষ্যরা।
আগামী মঙ্গলবার শেষ আটের ফিরতি পর্বে নিজেদের মাঠে খেলবে সিটি।
দিনের প্রথম ম্যাচে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করা লিভারপুল ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। আরেক ম্যাচে স্টোক সিটিকে ২-১ গোলে হারিয়ে পয়েন্টের হিসেবে অল রেডদের ধরে ফেলেছে টটেনহ্যাম হটস্পার।
আপনার মন্তব্য