স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৮ ২২:১৮

বার্সেলোনাকে বিদায় বললেন ইনিয়েস্তা

৩৩ বছরের জীবনের ২২ বছরের ক্লাব বার্সেলোনাকে বিদায় জানালেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবেই বিদায় নিয়ে নিলেন বার্সার এ প্লেমেকার।

সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত ইনিয়েস্তা বলেন, ‘এই সংবাদ সম্মেলনটা সবাইকে জানানোর জন্য যে, এটাই এখানে আমার শেষ মৌসুম। খুব কঠিন কিন্তু সুচিন্তিতই সিদ্ধান্তটা। এখানে ২২ বছর কাটিয়ে আমি বুঝেছি, বার্সেলোনার খেলোয়াড় হওয়াটা কি। আমার জন্য এটাই বিশ্বের সেরা দল। এটা আমার জন্য কঠিন একটি দিন। কারণ আমার পুরো জীবনটাই এখানে কাটিয়ে দিয়েছি, এখানে বিদায় বলা কঠিন।’

ক্লাব থেকে শুরু করে সতীর্থ এবং যাদের সঙ্গে কাজ করেছেন সবার প্রতি বিদায়বেলায় কৃতজ্ঞতা স্বীকার করেছেন ইনিয়েস্তা। আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন সমর্থক এবং পরিবারের আপনজনদের, ‘ক্লাব, সতীর্থ, যাদের সঙ্গে ছিলাম-সবাই আমাকে ভালো থাকতে সাহায্য করেছেন। ধন্যবাদ সমর্থকদের, যারা এত ভালোবাসা দিয়েছেন। আমার বাবা-মা, বোন...২২ বছর আগে আমরা একটি গাড়িতে করে এখানে এসেছিলাম, আজ তারা আবারও আমার সঙ্গে। এখানে আমি জীবনের সেরা মানুষটার সঙ্গে, যে আমাকে প্রতি মুহূর্তেই আনন্দিত রাখে, আমার স্ত্রী। সঙ্গে আমাদের তিন সন্তান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

বার্সেলোনার হয়ে ১৬ মৌসুমে ৩১টি ট্রফি তার শোকেসে। এমন দুর্দান্ত ক্যারিয়ারের মাঝেও কখনো ব্যালন ডি'অর জেতা হয়নি ইনিয়েস্তার। যেটার জন্য দুঃখপ্রকাশ করেছে খোদ ব্যালন ডি'অর কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত