ক্রীড়া প্রতিবেদক

০৫ জুন, ২০১৮ ১৩:৩৭

সমতা ফেরানোর ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রানে হেরেছিল বাংলাদেশ। তাই বিকল্প ভাবনার আর সুযোগ নেই। বাকি দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হেরে যাওয়ার পর এই দুই ম্যাচ হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। আজ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এই ম্যাচে জয় পেলে সিরিজে টিকে থাকবে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ জিততে লড়বে রশিদ খান আর মুজিব উর রহমানরা। এই ম্যাচে দারুণ এক মাইলফলকের সামনে আছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন মাত্র ১টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে সাকিবের ঝুলিতে আছে ৪৯৯টি উইকেট। তাই আফগানদের বিপক্ষে এই ম্যাচে ১টি উইকেট নিলেই মাইলফলক পৌঁছে যাবেন দেশসেরা এই অলরাউন্ডার।

এর আগে ১০ হাজার রান এবং ৫০০ উইকেটের এমন কীর্তি আছে সাবেক দুই অলরাউন্ডারের। এই মাইলফলক ছুঁতে ৪২০টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ৪৭৭টি ম্যাচ খেলে একই কীর্তি গড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

আপনার মন্তব্য

আলোচিত