স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০১৮ ১৮:১৪

মেসিদের ফিলিস্তিনের ধন্যবাদ, ইসরায়েলি মন্ত্রীর তিরস্কার

ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্তকে রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখার সুন্দর উদাহরণ হিসাবে অভিহিত করেছে তারা।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জেরুজালেমে শনিবার ইসরাইলের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনার খেলোয়াড়দের নিরাপত্তা হুমকি ও সহিংসতার আশঙ্কা থেকে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) আন্তর্জাতিক ডিরেক্টর সুসান সালাবি বলেছেন, ‘আমরা ম্যাচ বাতিলের খবর পেয়েছি, কিন্তু অফিসিয়ালি নিশ্চিত হইনি।

যদি নিশ্চিত হই, তাহলে আমাকে বলতে হবে এটা আর্জেন্টিনার দলের মহান সৌজন্যর অংশ। সেই সঙ্গে এটাও বলবো যে, তারা নিজেদের রাজনৈতিক সরঞ্জাম হিসাবে অন্যের কাছে ধার দেয় না।’

আরেকটু যোগ করে সালাবি বলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করার জন্য তার হাতিয়ার হিসাবে মেসির দলের ব্যবহার হওয়া উচিত নয়। এই সিদ্ধান্ত রাজনীতি এবং খেলাধুলাকে আলাদা রাখার সুন্দর উদাহরণ।’

এদিকে, প্রীতি ম্যাচ বাতিল করায় আর্জেন্টিনা ফুটবল দলকে তিরস্কার করেছেন ইরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান। তিনি আর্জেন্টাইনদের এমন সিদ্ধান্তকে ‘ঘৃণার কাছে আত্মসমর্পণ’ বলে মন্তব্য করেছেন।

টুইটারে লিবারম্যান লেখেন, ‘এটি একটি লজ্জার বিষয় যে, আর্জেন্টিনা ফুটবল দল ইসরায়েল বিরোধী ঘৃণ্য আধিপত্যের চাপ সহ্য করতে পারেনি।’

১৬ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

উল্লেখ্য, পবিত্র ভূমি হিসেবে পরিচিত জেরুজালেম দুই ধর্মাবলম্বী মানুষের পবিত্র স্থান। গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানীর স্বীকৃতি দেন। বিশ্বজুড়ে নিন্দা আর তুমুল প্রতিবাদের মধ্যেও দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তে অনড় থাকে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভের মধ্যেই ১৪ মে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। ওই দিন ইসরায়েলি গুলিতে নিহত হন অন্তত ৬০ জন ফিলিস্তিনি। অবশেষে ফিলিস্তিনি তথা পুরো বিশ্বের মানুষের বিক্ষোভের জেরে সেই প্রীতি ম্যাচটি বাতিল করলো আর্জেন্টিনা। যার জন্য পুরো ফিলিস্তিনিবাসীর কাছ থেকে ধন্যবাদ পেলো মেসিরা।

আপনার মন্তব্য

আলোচিত