০৭ জুন, ২০১৮ ১৩:৪৪
অন্ততপক্ষে ফাইনাল খেলার আশা মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হতাশাজনক হারের পর অনেকটাই চুপসে যায় ফাইনাল খেলার স্বপ্ন। তবে এরপর টানা ৩ ম্যাচ জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সালমা-রোমানারা।
আগের দুই ম্যাচে শক্তিশালী দুই দেশ পাকিস্তান এবং ভারতকে হারানোর পর অনেকটাই নিশ্চিত ছিল পরের দুই ম্যাচে জিতবে বাংলাদেশ। এর ব্যত্যয় ঘটেনি থাইল্যান্ডের বিপক্ষে। থাই নারীদের হেসে খেলেই ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের ফাইনালের টিকিট।
বৃহস্পতিবার (৭ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে প্রথমে ব্যাট করা থাইল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে পারে। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রান ও ব্যক্তিগত ৮ রানে ওপেনার শামীমা সুলতানা বিদায় নেন। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান করে দলকে জেতান আয়শা রহমান ও নিগার সুলতানা। দু’জনেই ২৮ বল মোকাবেলা করে সমান ২৫ রান উপহার দিয়ে অপরাজিত থাকেন।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় থাইল্যান্ড। দলের তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশি বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান সালমা খাতুন ও নাহিদা আকতার। এছাড়া একটি করে উইকেট দখল করেন জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ।
আপনার মন্তব্য