১২ জুন, ২০১৮ ১৬:০০
রাশিয়া বিশ্বকাপে ফেভারিট হিসেবে আর্জেন্টিনার নাম খুব একটা উচ্চারিত হচ্ছে না। অথচ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এরই মধ্যে হানা দিয়েছে ইনজুরি-সমস্যা। তাই বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলেই খুশি হবে আর্জেন্টিনা। অন্তত দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া এ রকমই মনে করেন।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাকে রাশিয়ায় হট ফেভারিট মনে করছেন না অনেকেই। রাশিয়ার টিকিট পেতে বাছাইপর্বে বেশ লড়াই করতে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এএফএর সভাপতি তাপিয়া বলছেন, সেমিফাইনালই আর্জেন্টিনার জন্য বাস্তববাদী লক্ষ্য। আর্জেন্টিনার টিভি চ্যানেল ‘টিওয়াইসি স্পোর্টস’কে তাপিয়া বলেন, ‘শীর্ষ চারে থাকাটাই ইতিবাচক লক্ষ্য।’
মেসি তার ক্লাব বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। কিন্তু জাতীয় দলকে এখনো কোনো বড় সাফল্য এনে দিতে পারেননি। মেসির অংশগ্রহণে ২০১৪ বিশ্বকাপ ও টানা দুই কোপা আমেরিকা ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপকেই ধরা হচ্ছে মেসির শেষ সুযোগ।
আপনার মন্তব্য