স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০১৮ ২৩:৫৪

বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো মেক্সিকো

সর্বশেষ ফিফা বিশ্বকাপ বিজয়ী জার্মানিকে ১-০ গোলা হারালো মেক্সিকো। মেক্সিকোর চমৎকার সব কাউন্টার অ্যাটাকে তটস্থ হয়ে বিশ্বকাপ শুরু করল বিশ্ব চ্যাম্পিয়নরা।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রোববার (১৭ জুন) ‘এফ’ গ্রুপের লড়াইয়ে দারুণ শুরু হলো মেক্সিকোর। পঞ্চমবার বিশ্বকাপে মুখোমুখি হয়ে জার্মানির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে এই ম্যাচ হেরে কঠিন গ্রুপের পথচলা আরও জটিল হয়ে গেল জার্মানদের। পরের দুই ম্যাচে সুইডেন ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হবে তাদের। নয়তো ইতালি ও স্পেনের মতো লজ্জায় পড়তে হবে তাদের।

শুরু থেকেই দারুণ খেলেছে মেক্সিকো। ২ মিনিটে ইরভিং লোসানো বাম দিক দিয়ে দ্রুত গতিতে ডিবক্সে ঢুকে যান। জেরোম বোয়াটেং প্রতিহত করেন তার চেষ্টা। তৃতীয় মিনিটে ইয়াশুয়া কিমিখের থ্রো থেকে টিমো বেয়ারনার বল নিয়ে জার্মান বক্সে পৌঁছে শট নিয়েছিলেন, কিন্তু গোলপোস্টের একটু দূর দিয়ে বল চলে যায়।

১০ মিনিটে মানুয়েল নয়ারের কঠিন পরীক্ষা নেয় মেক্সিকো। জার্মানির দুর্বল মাঝমাঠের সুযোগ নিয়ে এক্তর এরেরা দূর থেকে শট নিয়েছিলেন। কোনোভাবে বলটা হাতের মধ্যে নিয়ে নেন জার্মান গোলরক্ষক।

টোনি ক্রসের হ্যান্ডবলে ফ্রি কিক পায় মেক্সিকো ১৪ মিনিটে। ডিবক্সের মাঝে থেকে হেক্তর মোরেনো হেড করেছিলেন। কিন্তু নয়ারকে খুব বেশি ভুগতে হয়নি তাকে রুখে দিতে।

আগামী ২৩ জুন সোচিতে জার্মানি দ্বিতীয় ম্যাচ খেলবে সুইডেনের বিপক্ষে। একই দিন রোস্তভে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে শীর্ষে থাকা মেক্সিকো।

এদিকে আজ (রোববার) রাত ১২টায় হেক্সা মিশনে নামবে ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে রোস্তভ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিলের এবারের বিশ্বকাপের প্রথম খেলা।

আপনার মন্তব্য

আলোচিত