১৮ জুন, ২০১৮ ১৫:২৭
রাশিয়া বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। বেলজিয়াম ও ইংল্যান্ড। সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, নাগরিক টিভি ও সনি টেন-২।
সুইডেন ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাদের প্রাথামিক টার্গেট গ্রুপ পর্ব পার হওয়া। সে যাত্রায় এগিয়ে যেতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। অন্যদিকে এশিয়া দেশ কোরিয়াও সুইডেনকে হারিয়ে শুভসূচনা করতে চাইবে।
ফিফার র্যাঙ্কিং অনুসারে দক্ষিণ কোরিয়ার অবস্থান ৫৭তে। তাদের তুলনায় বেশ এগিয়েই আছে সুইডেন। ইউরোপের এই দলটির অবস্থান ২৪তম স্থানে। সামনা সামনি লড়াইতেও একই ফলাফল। চারবারের লড়াইয়ে দুইবার জিতেছে সুইডেন, বাকি দুইবার ড্র হয়েছে ম্যাচ।
তবে বিশ্বকাপে এই প্রথমবারের মত মুখোমুখি হবে এই দুই দল। কারণ ২০০৬ সালের পর এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলছে সুইডেন। তবে এবারের বাছাইপর্ব নিয়ে গর্ব করতেই পারে দলটি। কারণ প্লে অফে ইতালির মত শক্তিশালী দলকে হারিয়েই বিশ্বকাপে এসেছে সুইডিশরা।
অন্যদিকে চলতি বিশ্বকাপ সহ সর্বশেষ টানা ৯ আসরেই অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে সুইডেনের সাথে প্রথম সাক্ষাতের সব পরিসংখ্যান ভুলে যেতে চাইবে তারা। ১৯৪৮ সালের অলিম্পিকে প্রথমবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সুইডিশরা ১২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়দের।
তবে দুই দলই ফর্মহীনতায় ভুগছে। বিশ্বকাপের আগে শেষ দুই প্রস্তুতি ম্যাচ ড্র করেছে সুইডেন। আর দক্ষিণ কোরিয়া হেরেছে দুটি ম্যাচেই।
শেষ বার বিশ্বকাপ খেলতে আসার সময় সুইডেন দলে ছিলেন জলাতান ইব্রাহিমোভিচ। জাতীয় দল থেকে অবসর নিলেও এবার খেলতে চেয়েছিলেন এই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তাই এবার ভিক্টর লিন্ডেলফ, এমিল ফর্সবার্গ, মার্কাস বার্গ, ওলা তোয়াইভনেনের ওপরই ভরসা রাখত হবে দলটির।
অন্যদিকে কোরিয়দের সবচেয়ে বড় তারকা ফরোয়ার্ড হোয়াং-মিন সন। টটেনহামের এই খেলোয়ার গত মৌসুমে সব মিলিয়ে ১৮ গোল করেছিলেন। এবার তার ওপরই চোখ থাকবে সবার।
আপনার মন্তব্য