১৯ জুন, ২০১৮ ২৩:৫৬
ছবি: ডেইলি স্টার
আবারও অবহেলার শিকার দেশের জন্য সাফল্য বয়ে আনা নারী খেলোয়াড়রা। এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অনুশীলনে যাওয়া আসার জন্য লোকাল বাস ভাড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আয়ারল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতে বাংলাদেশের মেয়েরা এখন চট্টগ্রাম। সেখানেই শুরু হয়েছে প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্পে হোটেল থেকে মাঠে যাওয়া-আসার জন্য মেয়েদেরকে দেয়া হয়েছে চট্টগ্রাম শহরের ৬ নম্বর লোকাল বাস হিসেবে পরিচিত একটি বাস। যাতে নেই শীতাতপ নিয়ন্ত্রণ, দেখতেও বেশ পুরনো বাসটিতে যাতায়াত খুব একটা স্বস্তি দায়ক হওয়ার কথা নয়।
কেন এমন বাসে মেয়েদের অনুশীলনে যাওয়ার ব্যবস্থা, তা জানতে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে বিসিবির কারো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ জুন পর্যন্ত অনুশীলন করবে সালমা খাতুনের দল। ২২ জুন ঢাকায় ফিরে ২৩ জুন আয়ারল্যান্ডের বিমান ধরার কথা তাদের। ছুটিতে থাকায় চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে নেই হেড কোচ অঞ্জু জেইন ও সহকারী কোচ দেবিকা পালশিখর।
বাংলাদেশের মেয়েদের পরের সিরিজ আয়ারল্যান্ডে। ২৮, ২৯ জুন ও ১ জুলাই স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রুমানা-সালমারা।
এর আগে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া মেয়ে ফুটবলারদেরকে লোকাল বাসে করে বাড়ি পাঠিয়েছিল বাফুফে। এ নিয়ে তুমুল সমালোচনার পর তাদের যাতায়াতের জন্য গাড়ি ভাড়া করা শুরু করে ফুটবল ফেডারেশন।
আপনার মন্তব্য