১৪ অক্টোবর, ২০২০ ০০:৫৫
পুলিশের নির্যাতনে রায়হানের ক্ষতবিক্ষত হাত। (ফাইল ছবি)
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার বিচার বিভাগিয় তদন্ত চেয়ে আদালতে আবেদন করেছেন সিলেটের দুই আইনজীবী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেটের মূখ্য বিচারিক হাকিম আদালতে এই আবেদন করেন এডভোকেট সৈয়দ মহসিন আহমদ ও তার সহযোগি এডভোকেট সৈয়দ মাসুদ হাসান।
মূখ্য মহানগর হাকিমের পক্ষে সিলেটের অতিরিক্ত মূখ্য হাকিম জিয়াদুর রহমান এই আবেদন গ্রহণ করেন। এব্যাপারে আজ (বুধবার) আদেশ দিতে পারেন আদালত।
আবেদনকারী আইনজীবী সৈয়দ মাসুদ হাসান জানান, রায়হান হত্যায় অভিযুক্ত সকলেই পুলিশ সদস্য। আর পিবিআই পুলিশের একটি বাহিনী। তাই আমরা মনে করি পিবিআই এই ঘটনার সুষ্ট তদন্ত করতে পারবে না। তদন্ত প্রশ্নবিদ্ধ হবে। এ কারণে আমরা এই ঘটনায় বিচার বিভাগী তদন্ত চেয়ে আবেদন করেছি।
উল্লেখ্য, রায়হান আহমদ সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন তিনি। রোববার ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, পুলিশ রায়হানকে ধরে নিয়ে ১০ হাজার টাকা দাবি করেছিলো। টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে মেরে ফেলে পুলিশ। এ ঘটনায় পুলিশের অর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি রায়হানকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পায়। এরপর তদন্ত কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়াসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বহিস্কার ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
রায়হানকে হত্যার ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদি হয়ে রোববার রাতে কতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় কারো নাম উল্লেখ না করলেও বন্দরবাজার ফাঁড়ির পুলিশ সদস্যদের অভিযুক্ত করা হয়। মঙ্গলবার এই মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশন (পিবিআই)-তে স্থানান্তর করা হয়।
আপনার মন্তব্য