২৫ অক্টোবর, ২০১৫ ১৭:৪৯
সিলেট নগরীর জিন্দাবাজারে দিনদুপুরে জনতার সামনে এক পাথর ব্যবসায়ী কুপিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রবিবার বেলা সোয়া তিনটার দিকে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইর শিকার পাথর ব্যবসায়ি সামসুদ্দিন (৩৫) কে আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।। সামসুদ্দিন কোম্পানিগঞ্জের খাগাইল গ্রামের আবদুস সালামের ছেলে ও সালুটিকরের ফেরদৌস স্ট্রোন ক্রাশারের স্বত্তাধিকারি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারুতখানাস্থ ডাচ বাংলা ব্যাংক থেকে ৮ লাখ টাকা রিকশা করে আম্বরখানা যাচ্ছিলেন সামসুদ্দিন ও তার সঙ্গী আব্দুর রশিদ। সিটি সেন্টারের সামনে পৌছা মাত্র একটি মোটর সাইকেল এসে তাদের রিকশার গতিরোধ করে। এসময় সামসুদ্দিনের পায়ে কোপ দেয় ছিনতাইকারীরা। সঙ্গে সঙ্গে তার হাতে থাকা টাকার ব্যাগ মাটিতে পড়ে যায়। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে আহত সামসুদ্দিনকে স্থানীয় জনতা উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানিয়েছেন, জিন্দাবাজারে একটি ছিনতাই ঘটনা ঘটেছে বলে শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে।
আপনার মন্তব্য