সিলেটটুডে ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ ১৩:৪৯

নিউ ইয়র্কে কিশোরী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ, বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ বছর বয়সী এক কিশোরী রোগীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি চিকিৎসক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ডা. ফজল ইউসুফ নামে ৭২ বছর বয়সী ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তৃতীয় মাত্রার যৌন নির্যাতনের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।

১৫ বছর বয়সী ওই কিশোরী ছাড়াও ২০ বছর বয়সী এক তরুণীকেও যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ আছে ডা. ফজল ইউসুফের বিরুদ্ধে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে কিশোরীর সঙ্গে হওয়া ঘটনা নিয়ে প্রসিকিউটরদের অভিযোগ, ৭২ বছর বয়সী ডা. ফজল ইউসুফ ১৫ বছর বয়সী ওই কিশোরীর জামার নিচ দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দিয়েছিলেন চিকিৎসক। এছাড়া ওই কিশোরীকে বলেন, ‘তুমি খুব সুন্দরী। তোমার উচিত আমার সাথে কাজ করা।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গত সপ্তাহেই নিজের চেম্বারে ঘটিয়েছেন ডা. ফজল ইউসুফ, যা তার বাড়ির ভেতরেই অবস্থিত।

এ ঘটনায় বাংলাদেশি এই চিকিৎসকের বিরুদ্ধে জোরপূর্বক স্পর্শ করা, যৌন নির্যাতন এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিকিৎসকের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত শেষে পুলিশের স্পেশাল ভিকটিমস স্কোয়াড তাঁকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য

আলোচিত