০৮ নভেম্বর, ২০১৫ ২২:৫৭
সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পেলেন তাঁর স্ত্রী সায়রা মহসীন।
রবিবার (৮ নভেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা শেষে সায়রা মহসীনকে মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এই আসনের প্রার্থী হতে সায়রা মহসীন ছাড়াও একাধিক আওয়ামী লীগ নেতা তৎপরতা চালাচ্ছিলেন। অবশেষে দলীয় প্রধান সায়রা মহসীনকেই বেছে নিলেন।
এরআগে মৌলভীবাজার আওয়ামী লীগের তৃণমূল নেতারাও সায়রা মহসীনের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেছিলেন।
আগামী ৮ ডিসেম্বর এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রার্থিতা যাচাই-বাচাই ১৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর ।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসনের সর্বমোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৭ হাজার ৯৫৪ জন।
আপনার মন্তব্য