জগন্নাথপুর প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২১ ১৩:৪৮

জগন্নাথপুরে ফাঁদ পেতে মেছোবাঘ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আধুয়া গ্রামে ফাঁদ পেতে একটি মেছোবাঘ উদ্ধার করেছে স্থানীয় জনতা। সোমবার (১৮ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে আধুয়া গ্রামে মেছোবাঘটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, সম্প্রতি গ্রামে একটি মেছোবাঘ ঘোরাঘুরি করছিল। প্রায় প্রতিদিন গ্রামের বাড়ীতে ঢুকে হাঁস মুরগি ধরে নিয়ে খেতো। মেছোবাঘটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন অনেকেই।

অবশেষে ওই গ্রামের জালাল আহমদ নামের এক যুবক তার বাড়ীর লোহার খাঁচায় তৈরি করে খাঁচার ভেতর সোমবার ভোররাতে হাঁস ও মুরগি বেঁধে খাঁচার দরজা খুলে রাখেন। সকাল সাতটার দিকে মেছোবাঘটি যখন খাঁচার ভেতরে থাকা মুরগি ও হাঁস খেতে প্রবেশ করে তখনই ওই যুবক খাঁচার দরজা বন্ধ করে দেন।

গ্রামের যুবক জালাল আহমদ জানান, বেশ কিছুদিন ধরে গ্রামের অনেকের বাড়িতে মেছোবাঘটি ঢুকে হাঁস মুরগি ও ছাগল ধরে নিয়ে খেত। আমাদের দেশীয় ১৫ থেকে ২০টি হাঁস ও মুরগি খেয়েছে। অবশেষে ফাঁস পেতে আমি মেছোবাঘ ধরেছি।

তিনি জানান, মেছোবাধ ধরে এখন বিপাকে পড়েছে। সুনামগঞ্জ  বনবিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছেন মেছোবাঘটি জেলায় নিয়ে যেতে তারা আসতে পারবেন না। মেছোবাধ ধরতে পেরে আনন্দ লাগছিল কিন্তু এখন এটা নিয়ে বেকায়দায় আছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম জানান, এ বিষয়ে বনবিভাগের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এসেছে মেছোবাঘটি নিয়ে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত