জগন্নাথপুর প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২১ ০০:৩৩

নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে, জগন্নাথপুরে জেলা প্রশাসক

আসন্ন ইউপি নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচারণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ‘উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেল’ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। শতভাগ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শেষ হতে আমরা প্রতিশ্রতিবদ্ধ।

নির্বাচনে হানাহানি, সংঘাত, সংঘর্ষ ও মারামারি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কাজ চালান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা গোলাম সারোয়ারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, রির্টানিং কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বকুল, সুন্দর উদ্দিন, কাজল মিয়া, মেম্বার প্রার্থী আব্দুল ওয়াদুদ, কয়ছর আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৩৬ প্রার্থী, সংরক্ষিত পদে নারী প্রার্থী ৮৯ এবং ২৩৪ জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত