মাধবপুর প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৯

মাধবপুরে ইউপি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে সর্বত্র চলছে নির্বাচনী উৎসব। উৎসবমুখর পরিবেশে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা।

দিনরাত দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। অতীতের বিভিন্ন ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পর নাওয়া খাওয়া ভুলে সকল প্রার্থী ও তাদের সমর্থকরা নেমে পরেছেন ভোট যুদ্ধে। প্রতিটি হাট বাজারে ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ব্যানারে ও ফেস্টুনে। মিছিল মিটিংয়ে লোকসমাগম দেখিয়ে প্রার্থীরা তাদের শক্তিশালী অবস্থান জানান দেয়ার চেষ্টা করছেন।

আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১১ টি ইউনিয়নে  চেয়ারম্যান ও সংরক্ষিত নারী এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৩৪ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য ১৪৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৩৫ জন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ১১ জন, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩ জন এবং স্বতন্ত্র ৪২ জন।

উল্লেখ্য ৫ম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৬৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৪০ জন। ১২ ডিসেম্বর বাছাইয়ে ১ জন চেয়ারম্যান প্রার্থী ২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১ জন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল হয়ে যায়।

পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে আপিল করে এক চেয়ারম্যান প্রার্থী তার প্রার্থিতা ফিরে পান। ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

আপনার মন্তব্য

আলোচিত