সুনামগঞ্জ প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২১ ১২:৩০

সুনামগঞ্জে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহন চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে চলছে।

এদিন জেলার জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলার ২১ ইউনিয়নের ২১০টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম, রিটার্নিং কর্মকর্তার দাবি বেলা বাড়ার সাথে সাথে বাড়বে এ উপস্থিতি।

২১০টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৯১টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৬২টি ও সাধারণ কেন্দ্র রয়েছে ৫৫টি। ২১টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫ হাজার ৭৭৫ জন ও নারী ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ১০৩ জন।

সরজমিনে, প্রবাসী অধ্যুষিত উপজেলা জগন্নাথপুরের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখাযায় ভোর শুরু হওয়ার পর থেকেই ভোটার উপস্থিতি কম। যারা আসছেন তারাও ভোট দিয়ে দ্রুতই কেন্দ্র ত্যাগ করছেন ভোটাররা। শীতকাল হওয়ায় মানুষ দেরীতে ঘুম থেকে উঠায় সকালে ভোটার উপস্থিতি কম বলে দাবি করেন বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তারা।

জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নের কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ভোটার কুতুব উদ্দিন বলেন, সকাল থেকে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হইছে, এতো বছর পর ভোট দিয়া ভালা লাগের।

শ্রীধরপাশা দারুল উলুম মাদরাসা কেন্দ্রে ভোট দিতে আসা ফরিদা বেগম বলেন, ভালা লাগের ভোট দিতে আইছি এখন খালি কোন সমস্যা না অইলেই অয়। পছন্দের প্রার্থীরে ভোট দিসি এটাই ভালা লাগের।

শ্রীধরপাশা দারুল উলুম মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশকর আলী বলেন, সকাল ৮ টা থেকে এখানে ভোটগ্রহণ শুরু হয়েছে, শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি কম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আশা করি ভোটার সংখ্যা বাড়বে।

প্রসঙ্গত, তিন উপজেলার ২১ ইউনিয়নে ১২৭ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিশ্বম্ভরপুরের ৫ ইউনিয়নে ৩১, জগন্নাথপুরের ৭ ইউনিয়নে ৩৭ এবং দিরাইয়ের ৯ ইউনিয়নে ৫৯ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, সকাল থেকে ২১০টি কেন্দ্রেই কোন ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ শুরু হয়েছে, কোন কোন জায়গায় ভোটার উপস্থিতি শুনেছি কম তবে সময় এখনো আছে, সময় যতো গড়াবে ভোটার উপস্থিতিও বাড়বে।

আপনার মন্তব্য

আলোচিত